অর্জুনা রানাতুঙ্গার হাত ধরে ১৯৯৬ সালে প্রথম ও একমাত্র বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। তবে এই সাফল্যের নেপথ্যের নায়ক ছিলেন কোচ ডেভ হোয়াটমোর। এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার অবস্থা তথৈবচ। এ অবস্থায় দেশটির ক্রিকেট বোর্ড আবার দ্বারস্থ হতে চলেছে এই হেভিওয়েট কোচের কাছে। ডেভ হোয়াটমোরও নাকি আগ্রহ দেখিয়েছেন তাতে। বাংলাদেশ ও পাকিস্তানের সাবেক কোচ হোয়াটমোরের সঙ্গে দারুণ সম্পর্ক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডেরও। ডেভ বর্তমানে ভারতের কেরালা রাজ্য দলের কোচ হিসেবে আছেন। রঞ্জি ট্রফির দলটির সঙ্গে চুক্তি থাকাকালীন অবস্থায় তাকে ফেরার প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে ডেভ জানিয়েছেন, ‘কেরালা দলের সঙ্গে এটা আমার তৃতীয় ও শেষ বছরের চুক্তি চলছে। শ্রীলঙ্কান ক্রিকেটের সঙ্গে কাজ করতে পারলে আমি খুশি হব।’ কেরালা দলের সঙ্কে চুক্তির নিয়মানুযায়ী দায়িত্ব ছাড়ার তিন মাস আগে তাদের অবহিত করতে হবে। শ্রীলঙ্কারও এখন কোনো তাড়া নেই। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য এই হাই প্রোফাইল কোচকে পেতে শ্রীলঙ্কা কিছুদিন অপেক্ষা করতে পারে। শ্রীলঙ্কায় এলে হোয়াটমোর জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৫ ও ১৯ এবং ‘এ’ দল নিয়েও কাজ করবেন।