সময় বদলে যাচ্ছে। সেই সঙ্গে বদলে যাচ্ছে পেশাও। বাদ যাচ্ছেন না তারকারাও। অভিনয়ের পাশাপাশি এখন তারাও নানামুখী কাজে ব্যস্ত হয়ে পড়ছেন। বলিউডের জনপ্রিয় তারকা আলিয়া ভাট ইউটিউবার হিসেবে কাজ করা শুরু করেছেন। ইতিমধ্যেই খুলে ফেলেছেন নিজের ইউটিউব চ্যানেল। ফিল্মফেয়ার জানিয়েছে, আলিয়া তার ইউটিউব চ্যানেলে প্রতিদিনকার ব্লগ প্রকাশ করবেন। সেই সঙ্গে থাকবে ফ্যাশন ও ফিটনেস বিষয়ক নানা টিপস। আলিয়া দীর্ঘদিন ধরে ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করছিলেন।
তিনি তার ফেইসবুক, টুইটার ও ইন্সটাগ্রামে নিয়মিত ছবি, ভিডিও প্রকাশ করতেন। এবার তিনি সেসব কিছু ইউটিউবে প্রকাশের মাধ্যমে ভক্তদের আরও কাছে যেতে চান। তার ইউটিউব ভিডিওতে থাকবে নানারকম টকশো। সেই সব টকশো থাকবে মূলত ফ্যাশন বিষয়ক। ফটোশ্যুট করা বিভিন্ন পোশাক নিয়ে কথা বলবেন আলিয়া কিংবা অতিথি। এ ছাড়া শরীর সুস্থ রাখার নানা কৌশল বাতলে দেবেন ইউটিউব ভিডিওতে।