রাজধানীর উত্তরায় উবার চালক আরমান (৪২) হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশ। গতকাল শনিবার রাজধানী ও আশপাশের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মশিউর রহমান বলেন, ‘উবার চালক আরমান হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে রবিবার (আজ) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’
উল্লেখ্য, গত ১৩ জুন রাত ২টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাড়ির সামনে একটি গাড়ির ভেতর থেকে উবার চালক আরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন উত্তরা পশ্চিম থানায় নিহতের স্ত্রী রাবেয়া খাতুন হত্যা মামলা দায়ের করেন।