পাকিস্তানের খেলা দেখা কতটা স্নায়ুক্ষয়ী আফগানিস্তানের বিপক্ষে দলটির লড়াইয়ে ভালো করেই বোধ হয় তা টের পেলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের স্ত্রী শানিয়েরা আকরাম। এমন চাপের ম্যাচ দেখে সমর্থকরা অসুস্থ হয়ে যেতে পারে বলে মনে করেন এই অস্ট্রেলিয়ান সুন্দরী।
শনিবার লিডসের হেডিংলিতে নখ কামড়ানো উত্তেজনা ম্যাচে শেষ ওভারে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় পাকিস্তান। এই জয়ে বিশ্বকাপে সেমি-ফাইনালের সম্ভাবনা আরো জোরালো করেছে সরফরাজ আহমেদের দল। আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে টেবিলের চারে চলে এসেছে তারা।
শেষ ওভারে পাকিস্তানের দেখে মজা করে শানিয়েরা যেন পাকিস্তানের ম্যাচ দেখার জন্য বিধিবদ্ধ সতর্কীকরণ জাতীয় কোনও ঘোষণা করার পরামর্শ দিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন- “আমার মনে হয়, এখন থেকে পাকিস্তানের কোনো ম্যাচের আগে তারা এই পরামর্শ দিতে পারে যে, ম্যাচের সম্প্রচার দেখলে আপনার শরীর খারাপ হতে পারে। কারণ পাকিস্তানের ম্যাচগুলো হার্ট স্টপার।”
প্রথম স্ত্রী হুমা মারা যাওয়ার পর ২০১৩ সালে শানিয়েরাকে বিয়ে করেন আকরাম। অস্ট্রেলিয়ান শানিয়েরার সঙ্গে মেলবোর্নে আলাপ পাকিস্তানের সাবেক এই তারকা পেসারের।
শানিয়েরার এই টুইটই প্রমাণ করে বিশ্বকাপে পাকিস্তানের খেলা খুব মনোযোগ দিয়ে দেখছেন তিনি। বিশ্বকাপ নিয়ে ব্যস্ত আকরামও। ধারাভাষ্যের কাজে ইংল্যান্ডে আছেন তিনি।