মা হওয়া আমার দ্বারা হবে না: মল্লিকা

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। এক সময়ের হট নায়িকা ব্যস্ত এখন মেয়েদের পুনর্বাসনে। পাশাপাশি অভিনয় করছেন ডিজিটালে। সম্প্রতি আনন্দবাজারে এক সাক্ষাৎকারে নিজের কর্মব্যস্ততা নিয়ে কথা বলেছেন মল্লিকা।

তিনি বলেন, “আমার কাছে মেন্টাল হ্যাপিনেস খুব জরুরি। আজ নয়, বহু বছর ধরে যোগাসন অভ্যাস করছি। এমন অনেক আসন করি, যাতে অসম্ভবকে সম্ভব করার সাহস পাওয়া যায়। খুশি থাকার আরও একটা বড় কারণ, দাদার ছেলে রণশের। খুব সুইট! ওকে নিয়ে এ বার কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম। ওর সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে।”

তবে নিজের মা হওয়ার কোনো ইচ্ছে নেই বলে জানালেন মল্লিকা। “শুধু বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে, খেলতে ভালো লাগে। মা হওয়া অনেক বড় দায়িত্ব। সে সব আমার দ্বারা হবে না।”

বর্তমানে মুম্বাইয়ে থাকলেও তিনি লস অ্যাঞ্জেলেস, মুম্বাই, লন্ডন এই তিন জায়গায় এখন বেশি থাকেন।

কয়েকটি প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানালেন এক সময়ের হট অভিনেত্রী মল্লিকা।

বলেন, “রজত কাপুরের পরিচালনায় একটি ছবি করেছি, যেখানে আমাকে পুরনো দিনের এক অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে। ছবির নাম ‘আরকে/আরকে’। রজত বড় মাপের অভিনেতা ও পরিচালক। আমাকে যখন ছবির প্রস্তাব দিয়েছিলেন, অবাক হয়েছিলাম।”

রিলেশনশিপ প্রসঙ্গে মল্লিকা বলেন, “আই অ্যাম সিঙ্গল অ্যান্ড হ্যাপি। মেয়েদের জন্য অনেক কাজ করছি। এ সবে খুব ব্যস্ত থাকি। ‘ফ্রি আ গার্ল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। ভারতে মেয়েদের অবস্থা খুব খারাপ। আমাদের সংস্থা মেয়েদের দেহব্যবসা থেকে উদ্ধার করে ওকালতি পড়াচ্ছে। ওরা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে। কলকাতায় সংস্থা আছে। মুম্বাইয়ে কাজ শুরু করছি।

ওয়েব সিরিজে একতা কাপুরের সঙ্গে অভিনয় নিয়ে নায়িকা বলেন, “একতা কাপুরের সঙ্গে কাজের সুযোগ এর আগে আসেনি। যখন প্রস্তাবটা পেলাম, ভাল লাগল। সিরিজ়ের নাম ‘বু... সব কী ফটেগি’। ভূতের চরিত্র আগে করিনি। একতা ইজ় সো ইনস্পায়ারিং! ওকে দেখে অনেক কিছু শেখার আছে।”