পাকিস্তান-আফগানিস্তানের সেই দর্শকেরা নিষিদ্ধ হচ্ছেন?

স্টেডিয়ামের ভেতরে-বাইরে মারামারিতে জড়িয়ে পড়া সেই দর্শকদের নিষিদ্ধ করতে পারে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আফগানিস্তান এবং পাকিস্তানের অভিযুক্ত দর্শকদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

গত শনিবার লিডস গ্রাউন্ডে দুই দেশের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ম্যাচের আগে থেকে স্টেডিয়ামের আশপাশে থমথমে অবস্থার সৃষ্টি হয়। ম্যাচের সময়ও দুই দেশের নাগরিকেরা হাতাহাতিতে জড়ান। পুলিশ পরে চারজনকে গ্রেপ্তার করে।

আইসিসি বিবৃতিতে জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব সূত্রের বরাত দিয়ে ডেইলিমেইল বলছে, সামনের ম্যাচ থেকে অভিযুক্তদের স্টেডিয়ামে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে।

আইসিসি চিন্তায় পড়েছে আরও একটি কারণে। সেদিন ম্যাচের সময় স্টেডিয়ামের উপর দিয়ে রাজনৈতিক ব্যানারসহ একটি প্লেন উড়ে যেতে দেখা যায়। তাতে লেখা ছিল, ‘জাস্টিস ফর বেলুচিস্তান’।

নীতিমালা লঙ্ঘন করে কীভাবে প্লেনটি ওই ব্যানারসহ স্টেডিয়ামের আকাশসীমায় প্রবেশ করল, সেটি জানতেও তদন্ত শুরু হয়েছে।