রাজশাহীর মোহনপুরে গভীর রাতে নিজ বাড়িতে আলতাফ হোসেন (৫৮) নামে এক সমবায় কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ২টার দিকে উপজেলার বাকশিমইল গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে আলতাফ হোসেন নওগাঁর মান্দা উপজেলায় কর্মরত।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, হামলার শিকার আলতাফ হোসেনের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। আলতাফ হোসেন জানান, রাত ২টার দিকে মুখে কাপড় বেঁধে দুই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে। ওই দুই ব্যক্তি প্রথমে তার মুখে স্কচটেপ মেরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
কিন্তু এতে সফল হতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তখন তিনি হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন। এতে তার হাত জখম হয়। এ সময় তিনি ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।