ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শুভ দে’র বিরুদ্ধে পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে ইভটিজিংয়ের অভিযোগ করেছে একই এলাকার এক ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ২ টার দিকে ভোটার হতে করনখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় সে। ফেরার পথে করনখাইন এলকায় তাকে ইভটিজিং করা হয়। এসময় প্রতিবাদ করায় তাকে চড়-থাপ্পড়ও দেয় ছাত্রলীগ নেতা শুভ। ছাত্রলীগ নেতা শুভ দে উপজেলার ধলঘাট ইউনিয়নের করনখাইন এলকার আশু দে'র ছেলে।

অভিযোগের বিষয়ে জানতে চাইল অভিযুক্ত শুভ দে বলেন, মেয়েটির সাথে আমার ২ বছরের প্রেমের সম্পর্ক। সম্পর্ক থাকাকালীন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। যার কিছু গুরুত্বপূর্ণ ছবি ও মেসেজও আছে আমার কাছে। বছরখানেক আগে মেয়ের পরিবারের সদস্যরা  আমাদের প্রেমের সম্পর্কের কথা জেনে গেলে মা-মেয়েকে বিভিন্নভাবে সম্পর্ক নষ্ট করে দিতে চাপ দেয় এবং মেয়েকে চট্টগ্রাম শহরের এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেয়। তবুও গোপনে কিছুদিন যোগাযোগ হয়েছিল আমাদের। তবে গত সাত মাস ধরে আমার সঙ্গে তার যোগযোগ হয়নি।

অভিযোগে উল্লেখ করা হয়, গত শনিবার মেয়েটি গ্রামের বাড়িতে যাওয়ার সময় শুভ দে’র দেখা হয়ে যায়। হঠাৎ তাকে দেখে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটিকে চড়-থাপ্পর মারে শুভ।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ খালেদ দেশ রূপান্তরকে বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।