কাবুলে তালেবান হামলায় নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের গাড়িবোমা হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। গতকাল সোমবারের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৬৩ বেসামরিক।

হামলায় একটি যুদ্ধ জাদুঘর এবং একটি টেলিভিশন চ্যানেল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সোমবারের হামলায় নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য। আহত হয়েছেন বাহিনীর আরও ২০ সদস্য। আর শিশুসহ বেসামরিকদের হতাহতের সংখ্যা ৯৭ জন। ঘটনাস্থলের কাছেই একটি স্কুল ছিল। বিস্ফোরণে স্কুলভবনটি ধসে পড়ে।

এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবান। সংগঠনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লজিস্টিক ও প্রকৌশলী বিভাগই তাদের মূল লক্ষ্যবস্তু ছিল। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের প্রতিবেদনে বেসামরিকদের হতাহতের কথা বলা হচ্ছে। কিন্তু তারা আমাদের লক্ষ্যবস্তু ছিলেন না।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রহিমি বলেন, প্রথমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালানো হয়। এরপর জাদুঘর ও টিভি স্টেশনে গাড়িবোমা চালায় সন্ত্রাসীরা। শমসদ টিভি নামে ওই চ্যানেল এবং উমর নামের জাদুঘরটি একই ভবনে ছিল।