কাশ্মীরে বাস খাদে পড়ে ৩৫ জনের প্রাণহানি

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কিস্তোয়ারা জেলায় বাস খাদে পড়ে কমপক্ষে ৩৫ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দুর্ঘটনাস্থল থেকে ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় কেশওয়ান থেকে কিস্তোয়ারা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। কিস্তোয়ারার সহকারী জেলা প্রশাসক আঙ্গরেজ সিং রানা বলেন, ‘আজ (গতকাল) কেশবান থেকে কিস্তোয়ারার চত্বরের দিকে আসতে থাকা একটি ম্যাটাডোর গাড়ি গিরিসংকটে পড়ে ৩৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।’ নিয়ন্ত্রণ হারিয়ে জেকে-১৭-৬৭৮৭ নম্বরের বাসটি প্রায় ২৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এদিকে গতকাল কিস্তোয়ারায় ব্যবসায়ী সমিতির ডাকে ধর্মঘট চলার কারণে স্কুল, কলেজ, দোকান সব বন্ধ ছিল।

রাস্তা খারাপ থাকার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক বিধায়ক গুলাম মহম্মদ সারুরি এবং সাবেক স্থানীয় কাউন্সিলর নরেশ গুপ্তা। রাস্তা মেরামত না করার অভিযোগে পূর্ত দপ্তরকে দুষছেন তারা। অতিরিক্ত যাত্রী, বেপরোয়া গতি ও খারাপ রাস্তার কারণে ডোডা, কিস্তোয়ারা, রাজৌরি ও পুঞ্চ জেলায় প্রায়ই এ ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে। এর আগে ২৭ জুন একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের বহনকারী মিনিবাস রাজৌরি-পুঞ্চ সড়কের পীর কী গলি এলাকায় গিরিসংকটে পড়ে ১১ জন নিহত হয়েছিল।