হংকংয়ে রেড অ্যালার্ট

সরকারবিরোধী আন্দোলনের মাঝেই হংকংয়ের আইন পরিষদ ভবনে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। গতকাল সোমবারের ওই ভাঙচুরের পরিপ্রেক্ষিতে হংকংয়ে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট (সর্বোচ্চ সতর্কতা) জারি করা হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

হংকংয়ের আইন পরিষদ রেড অ্যালার্ট জারি করে স্থানীয় টেলিভিশনে বিবৃতি দিয়েছে। ভাঙচুর প্রসঙ্গে আন্দোলনকারী কে লিয়াঙ বলেন, ‘এখানে সহিংস ঘটনা ঘটেছে। আমরা বাধ্য হয়ে এমনটা করেছি। আমরা কি শুয়ে তাদের হাতে শুধুই মার খাব?’ গতকাল সোমবার চীনের কাছে হংকং হস্তান্তর বার্ষিকী উপলক্ষে সকাল থেকেই রাজপথে অবস্থান নেন হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ। একটা সময় সরকারি দপ্তরে ভাঙচুর চালান তারা। দেশটির আইন পরিষদ ভবনেও তারা ধাতব বস্তু দিয়ে গ্লাস ও দরজা ভাঙার চেষ্টা করেন। গণতন্ত্রপন্থি পরিষদ সদস্যরাও আন্দোলনকারীদের থামাতে গিয়ে ব্যর্থ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভবনের ভেতর অনেক দাঙ্গা পুলিশ অবস্থান করছে। আন্দোলনকারীরাও কিছুক্ষণ শান্ত থেকে আবারও সামনে এগোনোর চেষ্টা করছেন।

হংকং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এই দিবসটি উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। অন্যদিকে শত শত তরুণ কালো পোশাকে মুখোশ পরে আন্দোলনে নামেন। তাদের মাথায় ছিল কালো টুপি। তাদের দমনে হেলমেট ও ঢাল নিয়ে দেয়াল হয়ে দাঁড়ায় দাঙ্গা পুলিশ। বৃষ্টিও পড়ছিল তখন। তারপরও আন্দোলনকারীরা দমে যাননি। ‘এই শয়তানের আইন বাতিল করো’ বলে সেøাগান দিতে থাকেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এক আন্দোলনকরী জানান, তাদের ওপর মরিচের গুঁড়ো স্প্রে করা হয়েছিল। মরিচের ঝাঁজে কাতরাচ্ছিলেন অনেকে। তিনি বলেন, আমরা ভাগ্যবান যে পুলিশ লাঠি চালালেও আমরা আহত হইনি। নিজেদের ছাতা ঢাল হিসেবে ব্যবহার করেছিলাম আমরা।

সর্বশেষ কথিত অপরাধী প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে গত ৯ জুন রাতে অঞ্চলটির রাজপথে নামেন প্রায় পাঁচ লাখ মানুষ। রাজপথে বিক্ষোভকারীদের ঢল টানা কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকে। অঞ্চলটির সরকারি অফিসে যাওয়ার প্রধান সড়কগুলো অবরোধ করে রাখেন হাজার হাজার বিক্ষোভকারী। মাসজুড়ে সেই আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও ১২ জুন তা সহিংস হয়ে ওঠে। আন্দোলনকারীদের ওপর রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনকারীরাও বিভিন্ন বস্তু ছুড়ে প্রতিবাদ জানান। ব্যাপক গণআন্দোলনের তীব্রতায় বিলটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় কর্র্তৃপক্ষ।

১৫০ বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে থাকার পর লিজ চুক্তির মেয়াদ শেষে ১৯৯৭ সালের ১ জুলাই অঞ্চলটি চীনের কাছে ফেরত দেওয়া হয়েছিল। সেই দিবসের ২২ বছর পূর্তিতে গতকাল সোমবার আন্দোলনে নামেন গণতন্ত্রকামী মানুষ। প্রতি বছরই এই দিনে কর্মকর্তারা সরকারি ভবনে উৎসব করেন আর রাজপথে অবস্থান নেন গণতন্ত্রকামী মানুষ।