নয়ন বন্ডের লাশ দেখতে দীর্ঘ লাইন, উল্লাসে মিষ্টি বিতরণ

বরগুনায় রিফাত শরীফ হত্যার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ডের মরদেহ দেখতে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে সাধারণ মানুষের ঢল নামে।

সেই ঢল সামলাতে লাইনে দাঁড় করে কয়েক হাজার সাধারণ মানুষকে নয়ন বন্ডের মরদেহ দেখার সুযোগ করে দেয় পুলিশ।

এ সময় নয়ন বন্ডের মরদেহ দেখতে আসা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়

স্থানীয়রা জানায়, পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নয়ন বন্ড নিহত হওয়ার পর মঙ্গলবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে আনা হয়।

বিভিন্ন গণমাধ্যমে খবর পেয়ে লাশটি দেখার জন্য কয়েকশ মানুষ জড়ো হন হাসপাতালের আশপাশে। এসময় তাদেরকে উল্লাস করতে দেখা যায়। অনেকে মিষ্টি বিতরণও করেছেন এই অপরাধীর মৃত্যু হওয়ায়।

এদিকে নয়ন বন্ডের মৃত্যুর খবর শুনে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মিষ্টি বিতরণ করেছেন স্বামীর হাতে খুন হওয়া নাজমার অসহায় বাবা আ. আজিজ। মঙ্গলবার সকালে উপজেলার কেশরগঞ্জ বাজারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে তিনি মিষ্টি বিতরণ করে স্বস্তি প্রকাশসহ তার মেয়ে হত্যার বিচার চেয়েছেন।

গত ১১ জুন সাভারে স্বামীর কুড়ালের কোপে খুন হয় আ. আজিজের মেয়ে নাজমা। পুলিশ ঘাতক স্বামী সূর্য জামান বকুলকে আটক করেছে।

আ. আজিজ বলেন, “তার মেয়ে নাজমাকে তার স্বামী বকুল কুড়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। মেয়ে হত্যায় পিতা হিসেবে আমি যে কষ্ট পেয়েছি ততটুকু কষ্ট তারাও পেয়েছেন। নয়ন বন্ড আমার মত কোনো বাবার সন্তানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। পুলিশের হাতে এ হত্যাকারী নিহত হওয়ায় আমি খুব খুশি হয়েছি।”