শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের ভাগনে আক্তার হোসেন ঢালীকে (৩০) প্রকাশ্যে চাইনিজ কুড়াল ও ছুরি দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার মোড় সংলগ্ন শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহত আক্তার হোসেন ঢালী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর গ্রামের আনোয়ার হোসেন ঢালীর ছেলে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আক্তার হোসেন ও তার বড় ভাই দেলোয়ার হোসেন মোটরসাইকেলে করে রুদ্রকরের দিকে যাচ্ছিলেন। মনোহর বাজার মোড়ে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে জহিরুল ইসলাম প্রান্তসহ ৭/৮ জন লোক তাদেরকে পথরোধ করে হামলা চালায়। এ সময় চাইনিজ কুড়াল ও ছুরি দিয়ে আক্তারের মাথায় ও হাতে আঘাত করে। আক্তারের বড় ভাই দেলোয়ারকেও মারধর করে হামলাকারীরা। চলে যাওয়ার সময় স্থানীয়রা হামলাকারী প্রান্তকে আটক করে পুলিশে দেয়।
প্রত্যক্ষদর্শীরা আক্তারকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। দেলোয়ারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ওর মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপের চিহ্ন রয়েছে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। হামলাকারীদের মধ্যে জহিরুল ইসলাম প্রান্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ দাখিল হয়নি বলেও তিনি জানান।
ওসি জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।