শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ওপর হামলার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিকালে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা। এ সময় আরও বক্তব্য দেন ডা. উম্মে রাকিবা জাহান মিতু, ডা. নাঈমা ইসলাম পিংকি, ডা. সাগর সাহাসহ অন্যান্য চিকিৎসকরা।
ডা. গোলাম মোস্তফা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। চিকিৎসাসেবা দিতে গিয়ে বারবার হামলা ও হয়রানির শিকার হলে স্বাস্থ্যসেবার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।
বক্তারা বলেন, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
