কিমের নাম বদল!

না, হলিউডের বিখ্যাত রিয়েলিটি শো তারকা ও মেকাপ মুঘল কিম কার্দাশিয়ান তার নিজের নামটি বদলে ফেলছেন না। তবে যারা এই আবেদনময়ীর ভক্ত, তারা সবাই জানেন যে কিছু দিনের মধ্যেই কিম বাজারে আনছেন বডি শেপওয়্যার ব্র্যান্ড। যেটার নাম তিনি নিজের নামের সঙ্গে মিলিয়ে রেখেছিলেন ‘কিমোনো সলিউশনওয়্যার’। কিন্তু এই নাম প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যমে কার্দাশিয়ান ভক্তরা এই নামটি তেমন একটা পছন্দ করছেন না বলে মতপ্রকাশ করেন। অনুসারীরা এই নামটি অপছন্দের কারণও জানান। তারা লেখেন, এত নাম থাকতে কেন কিম তার ব্র্যান্ডের নাম জাপানের ঐতিহ্যবাহী পোশাক ব্র্যান্ড কিমোনো’র সঙ্গে মেলাবেন! কিম বরাবরই ভক্ত ও অনুসারীদের কথার খুব গুরুত্ব দেন। কারণ তাদের জন্যই তো সমস্ত পণ্য তৈরি করে কিমের প্রতিষ্ঠান। ফলে সোশ্যাল মিডিয়ার কথামতোই কিম নিজের নতুন পণ্যের নাম পাল্টে ফেলবেন। গতকালই টুইটারে কিম লেখেন, ‘ধন্যবাদ আমার সব অনুসারীদের, যারা আমাকে বিষয়টি জানিয়েছেন। সবাই জেনে খুশি হবেন যে আমি শিগগিরই নতুন নামকরণ করেই আমার বডি শেপওয়্যারের যাত্রা শুরু করব। আশা করছি পণ্যগুলো আপনাদের অনেক সমস্যার সমাধান দেবে।’