ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাই ও সংলগ্ন এলাকায় ভারী বর্ষণে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। টানা দুই দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে পুরো শহর।
গত সোমবার রাতে শহরের তিনটি জায়গায় দেয়ালধসে মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। আহত হয়েছেন আরও অনেকে। মুম্বাইয়ের মালাড এলাকার কুরার গ্রামে গভীর রাতে দেয়ালধসে ১৩ জনের মৃত্যু হয়। আহত হন আরও ১১ জন। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা।
পুনের সিংহগড় ইনস্টিটিউটে দেয়ালধসে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। মৃতদের মধ্যে চারজন ছত্তিশগড়ে বাসিন্দা বলে জানা গেছে। তৃতীয় ঘটনাটি ঘটে মুম্বাইয়ের কল্যাণ এলাকায়। সেখানে একটি স্কুলের দেয়াল ভেঙে পড়ে পাশের দুই বাড়িতে। এতে তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও এক ব্যক্তি। কল্যাণের দুর্গাডি এলাকায় রাত ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ে ন্যাশনাল উর্দু স্কুলের দেয়াল।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিস ভারী বৃষ্টিতে দেয়ালধসে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুদিন মুম্বাইয়ে টানাবর্ষণ অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনা করে খুব জরুরি দরকার ছাড়া নাগরিকদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতালে পাঠানো হয়েছে। অঞ্চলটিতে এখনো একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। পানিবন্দি প্রায় পুরো শহর। পরিস্থিতি মোকাবিলায় দুই দিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অফিস-আদালত।