জিসান হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ছাত্র ইসমাইল হোসেন জিসান হত্যায় গ্রেপ্তারদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগরীর বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে মহাসড়কে বিক্ষোভ করে স্থানীয়রা। কর্মসূচিতে নিহতের পরিবারের সদস্য, কলমেশ^র আদর্শ বিদ্যালয়, খন্দকার রজব আলী বিদ্যানিকেতন, গাজীপুর প্রেসিডেন্সি কলেজসহ বেশ কয়েকটি স্কুল-কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ারা গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

নিহতের বাবা মো. সাব্বির হোসেন শহিদ বলেন, গত ১২ মে জিসান নিখোঁজের পর ২৩ মে গাজীপুর সিটি করপোরেশনের কামারজুরী এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে। আসামিরা যেন কোনোভাবে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে সেজন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।