ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে মুনাফার লোভে মাত্রাতিরিক্ত ডায়ালাইসিসে রোগীর মৃত্যু ও মৃতদেহ আইসিইউতে রেখে ভুয়া বিল আদায়ের প্রতিবাদ করায় সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমাকে হয়রানি এবং তার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে শেরপুরে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
এতে বক্তব্য দেন কবি সংঘ বাংলাদেশের সভাপতি ও কলামনিস্ট তালাত মাহমুদ, সিনিয়র সাংবাদিক জোবায়ের রহমান, শেরপুর ইয়ুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাহিদুল খান সৌরভ, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি জেলা শাখার সভাপতি আলমগীর আল আমিন, সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, ছাত্রনেতা মিথুন কোচ প্রমুখ।