রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব। গত সোমবার রাত ১১টার পর অভিযান চালিয়ে ১০ দালালকে আটক করে প্রত্যেককে ছয় মাসের জেল দেওয়া হয়। গত ২৯ জুন দেশ রূপান্তরে ‘দালালের ফাঁদে পঙ্গুর রোগীরা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এ ব্যবস্থা নেওয়া হলো।
গতকাল মঙ্গলবার র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ শাহরিয়ার ও সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম পঙ্গু হাসপাতালে অভিযান পরিচালনা করেন। অভিযানে আটককৃতরা হলেনÑ মো. শান্ত (২৫), শাহ আলম (৬০), মো. মিলন (২৭), আবুল বাশার (৩৫), দুলালউদ্দিন (৫৮), নুরুল আমিন (৩০), ইউসুফ আহম্মেদ (২৫), গোলাম আজম (৩৫), মানিক (৩৫) এবং জহির মিয়া (৪০)।