আরবাজ খানের ১৮ বছরের সংসার ভেঙে বেরিয়ে এসেছিলেন মালাইকা অরোরা। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পরই অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। অনেক জলঘোলার পর সম্প্রতি বিষয়টি স্পষ্ট করেন বলিউডের আইটেম গার্ল।
তবে প্রশ্ন ছিল- কিশোর ছেলে আরহান খান মায়ের সম্পর্ক নিয়ে কী ভাবছে।
এক সাক্ষাৎকারে মালাইকা জানান, সারা পৃথিবীকে কিছু বলেননি মানে এই নয়- পরিবারের সদস্য, বিশেষ করে তার ছেলে কিছুই জানত না। বরং ছেলের কাছে প্রথম থেকেই স্পষ্ট ছিলেন।
আরহানের বয়স এখন ১৬। ইতিমধ্যেই বিনোদন জগতে তার হাতেখড়ি হয়েছে। ২০১৬ সালের স্পোর্টস বায়োপিক ‘বুধিয়া সিং বর্ন টু রান’-এর টাইটেল গানে কণ্ঠ দেন তিনি। মালাইকা-অর্জুনের সম্পর্কও মোটামুটি ওই সময় থেকে দানা বাঁধতে শুরু করে। অর্থাৎ আরহানের বয়স তখন ছিল ১৩।
মালাইকা বলেন, “আমার মনে হয় যে কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত সততা দিয়ে। জীবনে কী ঘটছে না ঘটছে সেটা কাছের মানুষদের সবার আগে বলা উচিত এবং কিছুটা সময় দেওয়া উচিত যাতে তারা গোটা ব্যাপারটা বুঝতে পারে। আমাদের মধ্যে সেই কথোপকথনটা হয়েছে এবং আমি খুব খুশি যে এখন প্রত্যেকেই তার নিজের জায়গাটুকুতে আনন্দে রয়েছে এবং সৎভাবে রয়েছে।”
মা হিসেবে মালাইকা বরাবরই আধুনিকমনস্কতা। তিনি ও আরবাজ ছেলেকে খুবই যত্ন করে বড় করেছেন। তাই আরহানও মায়ের নতুন অধ্যায় নিয়ে স্বচ্ছন্দ।