‘জুয়ার টাকার জন্য’ স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা

সোনারগাঁয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দি গ্রামে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাতে স্বামী স্ত্রী দুজনের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দি গ্রামে মুদি দোকানি বাচ্চু মিয়া (৬০) তার স্ত্রী মুকতাজকে (৫২) শ্বাসরোধে হত্যার পর নিজে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

পরিবারের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ মঙ্গলবার রাতে দুজনের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সলিমুল জানান, মুদি দোকানি বাচ্চু মিয়া ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। সবাই বিবাহিত। বড় ছেলে মালয়েশিয়া থাকে।

মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের কারণেই মুদি দোকানি বাচ্চু মিয়া তার ঘরের ভেতর দরজা বন্ধ করে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজেও ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় বুধবার সকালে বাচ্চু মিয়ার ছোট ছেলে শরিফ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, “মুদি দোকানি বাচ্চু মিয়া জুয়ায় আসক্ত ছিলেন। প্রায়ই এ নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব হতো। হয়তো জুয়া খেলার টাকার জন্য স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল। আর এ ঘটনায় স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

তবে তিনি বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর আসল ঘটনা বেরিয়ে আসবে।”