‘উনপঞ্চাশ বাতাস’ মুক্তির দিন চূড়ান্ত

টেলিভিশনের আলোচিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র ‘উনপঞ্চাশ বাতাস’ মুক্তি পাবে অক্টোবরের প্রথম সপ্তাহে। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। ‘উনপঞ্চাশ বাতাস’ তাদেরও প্রথম চলচিত্র।

শিগগিরই চলচ্চিত্রটি সেন্সরে যাবে। উজ্জ্বল আশা করছেন, কোনো ধরনের কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পাবে।

কিছুদিন আগে ছবির গল্প নিয়ে তিনি বলেন, “সবার জীবনেই কিছু অনুভূতি থাকে যা ভাষা, প্রতীক কিংবা শব্দে প্রকাশ করা যায় না। অনুভবগুলো অনুভূত হতে হতেই যেন তার প্রকাশের আকৃতি বদলে যায়। এই রকম অনুভূতির ইংরেজি তর্জমা হতে পারে-ইনকমপ্লিট ব্রেথ। এই অসম্পূর্ণ প্রশ্বাসের ছবি এটি। গল্পটা প্রেমের। যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়।”

পরিচালনার পাশাপাশি ‘উনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজেই।