নিউজিল্যান্ডকে ৩০৬ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

জেসন রয় ও জনি বেয়ারস্টো দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন দলকে। বেয়ারস্টো তো ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিলেন। ইংলিশদের স্কোরটা পাহাড়সম হবে বলেই মনে হচ্ছিল তখন। কিন্তু বড় স্কোরের আভাস দিয়েও ঠিক প্রত্যাশা মতো রানটা করতে পারল না ইংল্যান্ড। যদিও তিন’শ ছাড়ানো স্কোর পেয়েছে বিশ্বকাপের স্বাগতিকেরা।

বুধবার চেস্টার-লি-স্ট্রিটে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩০৫ রানের স্কোর গড়েছে ইংল্যান্ড। বেয়ারস্টো সর্বোচ্চ ১০৬ রানের ইনিংস খেলেছেন। ৬০ রান এসেছে জেসন রয়ের ব্যাট থেকে। এ ছাড়া ৪২ রান করেন ইয়ান মরগান। কিউইদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও জেমস নিশাম।

ম্যাচটা নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই ম্যাচে চোখ রাখছে পাকিস্তান। ইংল্যান্ড বা নিউজিল্যান্ড যে দল জিতবে, নিশ্চিত হবে তাদের সেমিফাইনাল। হার মানেই অন্যের হাতে ভাগ্য সঁপে দেওয়া।

ইংল্যান্ডের ঝুঁকিটা এখানে বেশি। কেননা ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। এদিন তারা হারলে, পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই সেমিফাইনালের টিকিট পাবে। আর পাকিস্তান যদি হারে তবে ইংল্যান্ড পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট।

অন্যদিকে নিউজিল্যান্ড হারলে পাকিস্তানের জন্য সমীকরণ কঠিন হবে। কেননা এরই মধ্যে কিউইদের পয়েন্ট ১১। সে ক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শুধু জিতলেই হবে না, রান রেটের হিসেব আসবে। নিউজিল্যান্ড যেখানে বেশ সুবিধাজনক অবস্থানে।