রথযাত্রা শুরু আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানমালায় রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন। আজ ইসকন আশ্রমে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এ উপলক্ষে স্বামীবাগ ইসকন মন্দিরে দুপুর ১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভায় সভাপতিত্ব করবেন যশোদা নন্দন আচার্য্য। পরে সেখান থেকে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি জয়কালী মন্দির, মতিঝিলের শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, বায়তুল মোকাররম, পুরান পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট মোড়, দোয়েল চত্বর, রমনা কালীমন্দির, টিএসসি, জগন্নাথ হল ও পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। এ ছাড়াও তাঁতীবাজারে শ্রী শ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দিরেও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে।