ডাবল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে ৪৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে পেরু। শিরোপার লড়াইয়ে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে রোববার তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল।
পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে প্রথমার্ধে দুই গোল করে পেরু। এই সময় গোলের দেখা পান এডিসন ফ্লোরেস এবং ইয়োসিমার ইয়োতিন। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে পাওলো গুয়েরেরো ব্যবধান বাড়ান।
চিলি ৬৫ শতাংশ সময় বলের দখল রেখেও গোল বের করতে পারেনি। অন্যদিকে মাত্র ৩৫ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখে তিনটি গোল করে ১৯৭৫ সালে সর্বশেষ কোপার শিরোপা জেতা পেরু।
গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে ০-৫ গোলে উড়ে যাওয়া পেরু এদিন প্রথম গোল করে ২০তম মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল কয়েক পা ঘোরার পর ছয়গজ বক্সের ভেতর পেয়ে যান ফ্লোরেস। বাঁপায়ের দারুণ এক ভলিতে জাল খুঁজে নেন তিনি।
১৭ মিনিট বাদে পেরু ব্যবধান ২-০ করে। গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ইয়োতিন গোলটি করেন।
চিলি দ্বিতীয়ার্ধে দারুণ ফুটবল খেলেও আরেকটি গোল হজম করে। গোটা ম্যাচে তারা গোলে ১৯টি শট নিয়েছে, যার মধ্যে তিনটি দারুণ দক্ষতায় প্রতিহত করেন পেরু গোলরক্ষক।