ভারতের কাছে হারার মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। পূরণ হলো না সেমি-ফাইনাল খেলার লক্ষ্য। তবে, দলের সেরা পারফরর্মার সাকিব আল হাসানের মতে, টুর্নামেন্টে ভালো খেলেছে বাংলাদেশ। এরপরও কোথায় যেন একটু আক্ষেপ তার।
বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে বাংলাদেশের জন্য। শুক্রবার লন্ডনের লর্ডসে অনুষ্ঠেয় ম্যাচটিতে টাইগারদের লক্ষ্য কেবল জয় নিয়ে বাড়ি ফেরা।
বিশ্বকাপ থেকে বিদায়ের প্রান্তে দাঁড়িয়ে দলের পারফরম্যান্সের মূল্যায়ন নিয়ে সাকিব সাংবাদিকদের বলেন, “আমরা বেশ ভালো খেলেছি। কিন্তু শুধু ভালো খেলতে চাইনি, চেয়েছিলাম জিততে! এমন বড় টুর্নামেন্টে যে আশা নিয়ে এসেছিলাম আমরা তা পূরণ হল না। ছোটখাটো কিছু বিষয় যদি আমরা ঠিকঠাক করতে পারতাম তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবদিক থেকেই কিছু বিষয় আরও ভালোভাবে প্রয়োগ করতে পারলে আমরা ভালো অবস্থানে থাকতে পারতাম।”
খেলোয়াড়রা আর একটু মরিয়া হয়ে খেললেই বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারতো বাংলাদেশ। একই ভাবনা অবশ্য ক্রিকেট অঙ্গনের সবারই। আর একটু চেষ্টা করলে হয়ত সেমিতেই যেতে পারতো মাশরাফী বিন মোর্ত্তজার দল।
সাকিব বলেন, “ইতিবাচক দিক আছে, কিন্তু এগুলো বলে ফায়দা নেই। দিনশেষে ব্যাপার হয়ে দাঁড়ায় ফলাফলটাই। এই বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভালো করেছি। এর বেশি কিছু বলছি না। আমি মনে করি আমাদের এর চেয়েও বেশি কিছু করার সুযোগ ছিল। সবাই চেষ্টা করছে, কিন্তু আমাদের আরও মরিয়া হয়ে খেলা উচিৎ ছিল।”