জায়রার সিদ্ধান্তে কোনো ভুল নেই: অনুভব সিনহা

বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিমের অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন পরিচালক অনুভব সিনহা। ধর্মীয় বিশ্বাস ক্ষতির মুখে পড়ায় কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনয় ছাড়ার ঘোষণা দেন জায়রা।

জায়রা ওয়াসিমের পোস্ট ভারত জুড়ে রীতিমত ঝড় তুলে। ধর্মীয় কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এমন ঘোষণা 'প্রতিক্রিয়াশীল' বলেও মন্তব্য করেছেন অনেকে। তবে তার সিদ্ধান্তের প্রতি সম্মানও দেখিয়েছেনও কেউ কেউ।

ইন্ডিয়া টুডে জানায়, জায়রার এমন সিদ্ধান্তকে সমালোচনা করতে চান না অনুভব। এটা একান্তই তার সিদ্ধান্ত বলে তিনি জানান।

টুইটার বার্তায় তিনি বলেন, “জায়রা সিনেমায় কাজ করেছে, লাইমলাইটে এসেছে। এখন সে অভিনয় ছেড়ে দিতে চাচ্ছে। তো আমরা সেটা কেন মেনে নিচ্ছি না। তার মতো জীবন বেছে নিতে দেওয়া উচিত আমাদের।”

এই নির্মাতা আরও বলেন, “আমার এমন মুসলিম বন্ধুও আছেন যারা ছবি তুলতে চান না, ইসলামবিরুদ্ধ হবে বলে। আমি জানি, হিন্দু অনেক তরুণ-তরুণীও ঈশ্বরের সন্ধানে দুনিয়াবি জীবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা তাদের সিদ্ধান্ত। এখানে কোনো ভুল নেই।”

তিনি বলেন, “জায়রাকে কেউ যদি এ ব্যাপারে জোর করে, সেটি তাহলে আলাদা বিষয়। আমি এ ব্যাপারে কিছু জানি না যেহেতু কিছু বলতেও পারব না।”

কয়েকদিন আগে জায়রা তার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইনস্টগ্রামে এক পোস্টে লিখেছেন, “পাঁচ বছর আগে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা চিরকালের জন্য তার জীবন বদলে ফেলেছে। যে মুহূর্তে বলিউডে পা রেখেছিলেন, তার জন্য বিশাল জনপ্রিয়তার দরজা খুলে যায়। তিনি সাধারণ মানুষের আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠছিলেন, সাফল্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল এবং প্রায়ই তাকে তরুণদের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো। কিন্তু তিনি যা করতে চেয়েছিলেন বা হতে চেয়েছিলেন- তার কোনোটা এসব নয়। সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে নতুন করে তা বুঝতে শুরু করেছেন।”

জায়রা লেখেন, “আমি বুঝতে পেরেছি আমি অনেক দিন ধরে অন্য একজন হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি, যদিও আমি এখানে সুন্দরভাবে ফিট হতে পারব, কিন্তু আমি এর জন্য নই। এই জগৎ আমাকে অনেক ভালোবাসা, সমর্থন, প্রশংসা দিয়েছে, কিন্তু এই জগৎ আর যেটা করেছে তা হলো আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতনভাবে আমি আমার ঈমান (বিশ্বাস) থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ঈমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।”

জায়রা ক্রমাগত সেই বাধার সঙ্গে মানসিকভাবে লড়তে শুরু করেন।

কাশ্মীরে জন্ম নেওয়া এই অভিনেত্রী এরপর লেখেন, “কোরআনের বিশাল ও ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলি, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়।”

২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দাঙ্গাল’ ছবিতে অভিনয় করেন জায়রা ওয়াসিম। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ ছিল তার একক সিনেমা। দুই ছবিই দেশ-বিদেশে দারুণ ব্যবসা করেছে। মার্চে শেষ করেছেন ‘দ্য স্কাই ইজ পিংক’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ১৮ বছরের জায়রা। মাত্র দুই সিনেমার জন্য তিন জাতীয়, ফিল্মফেয়ার-সহ বেশ কিছু পুরস্কার জিতেছেন।