কাপ্তাইয়ের চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) গ্রিড সাবস্টেশনে ট্রান্সফরমারে ত্রুটির কারণে মিলসহ আবাসিক এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ৩ দিন ধরে। মিলের উৎপাদনও বর্তমানে বন্ধ। বিদ্যুতের অভাবে আবাসিক এলাকায় পানির সরবরাহ না থাকায় চলছে হাহাকার। কবে নাগাদ বিদ্যুৎ সমস্যার সমাধান হবে সে বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারছে না মিল কর্তৃপক্ষ।
মিল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত প্রায় পৌনে আটটায় ত্রুটির কারণে কেপিএমের গ্রিড সাবস্টেশনের একটি ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মিলসহ আবাসিক এলাকায় বিদ্যুৎ-সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। এ ঘটনায় বর্তমানে মিলের উৎপাদনও বন্ধ রয়েছে। বিদ্যুতের কারণে পানি না থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। মোটরচালিত টিউবওয়েল থাকলেও বিদ্যুৎ না থাকায় পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। দু-একটি টিউবওয়েল আছে যেগুলোতে লাইন দিয়ে পানি নিতে গিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ট্রান্সফরমারের ইন্সুলেশন অয়েল প্রতি ১০-১৫ বছর অন্তর পরিবর্তনের নিয়ম থাকলেও মিল প্রতিষ্ঠার সময় লাগানো ট্রান্সফরমারের ইন্সুলেশন অয়েল পরিবর্তন করা হয়নি। ইন্সলেশন অয়েল ট্রান্সফরমারের ভেতরের কয়েল ঠা-া ও সুরক্ষিত রাখে। ইন্সুলেশন অয়েল ত্রুটির কারণেও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ওই সূত্র জানায়।
কেপিএমের মহাব্যবস্থাপক (প্রশাসন) একরাম উল্লাহ খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রান্সফরমার ত্রুটির ফলে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ। বন্ধ রয়েছে মিলের উৎপাদন। কিন্তু সমস্যা কোথায় তা কেপিএমের চিফ ইঞ্জিনিয়ার ভালো বলতে পারবেন বলেও তিনি জানান।
কেপিএমের মহাব্যবস্থাপক (এমটিএস) স্বপন কুমার সরকার বলেন, আমাদের ইনকামিং ১০ কেভি ভোল্টেজের ট্রান্সফরমার ত্রুটির ফলে পুরো এলাকা বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইতিমধ্যে পিডিবি থেকে অভিজ্ঞ দুজন কর্মকর্তাকে ঘটনাস্থলে আনা হয়েছে। ত্রুটি চিহ্নিত করে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে মিলের এমডি ড. এম এম এ কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ট্রান্সফরমার ত্রুটির কারণে সমগ্র মিল এলাকা অন্ধকারে রয়েছে। মিলে বর্তমানে সাড়ে ৮০০ স্থায়ী-অস্থায়ী শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা রয়েছেন। প্রায় ৭০ বছর আগে প্রতিষ্ঠিত কেপিএমের যন্ত্রাংশগুলো জরাজীর্ণ অবস্থায় আছে। অন্য ট্রান্সফরমারের যন্ত্রাংশ খুলে এনে ত্রুটিযুক্ত ট্রান্সফরমার মেরামতের চেষ্টা করা হচ্ছে।