নতুন বলে দেখেশুনে খেলতে চেয়েও এক উইকেটের পতন। প্রথম পাওয়ার প্লেতে পাকিস্তান রানও খুব একটা তুলতে পারেনি, ৩৮। শুরুর এই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে শতাধিক রানের জুটি গড়েছে দলটি।
এই প্রতিবেদন লেখার সময় ২৮ ওভারে এক উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৪৫। ওপেনার ইমাম-উল-হক এবং তিন নম্বরে নামা বাবর আজম দুজনই অর্ধশতক তুলে নিয়েছেন।
লর্ডসে নিজেদের শেষ ম্যাচে টস হেরে আগে বল করতে নেমে মোহাম্মদ সাইফউদ্দিনের হাত ধরে অষ্টম ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। চতুর্থ ডেলিভারি সুইং করে বেরিয়ে যাওয়ার মুখে ফখর জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে দেন। ধরা পড়েন পয়েন্টে মেহেদী হাসানের হাতে। ৩১ বলে এক চারে ১৩ রান করেন এই ওপেনার।
এদিন টস জেতায় সেমি-ফাইনালে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা নিয়ে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। সরফরাজরা ৪০০ রান করতে পারলে জয়টা পেতে হবে অন্তত ৩১৬ রানের! সে ক্ষেত্রে বাংলাদেশকে ৮৪ রানে অলআউট করতে হবে তাদের। তা পারলেই কেবল নিউজিল্যান্ডকে টপকে সেমিতে যাবে পাকিস্তান।