তিন জেলায় ৩ লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়া, সুনামগঞ্জ ও বরগুনায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

আশুলিয়া : ঢাকার আশুলিয়ার তাজপুর এলাকা থেকে গতকাল বিকেলে এক নারী পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই পোশাকশ্রমিকের নাম নুর বানু আক্তার সাথী (২৮)। রংপুরের পীরগঞ্জ থানার পার্বতীপুর গ্রামে তার বাড়ি।

সুনামগঞ্জ : দোয়ারাবাজার উপজেলার মাইজখলা গ্রামে গতকাল সকালে নিজ ঘর থেকে আবিজ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বরগুনা : বরগুনা সদর উপজেলায় একটি বাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে নিমতলী গ্রামের বয়াতি বাড়ির বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় জানা যায়নি।