বন্য প্রাণীদের সঙ্গে সেলফি তোলা নতুন কিছু নয়। বিপজ্জনক এই কাজের নৈতিক দিক নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। সেই কারণে সম্প্রতি সমালোচিত হলেন বলিউডের উদীয়মান অভিনেত্রী কৃতি স্যানন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বন্ধুদের সঙ্গে এখন জাম্বিয়ায় ছুটি কাটাচ্ছেন ‘দিলওয়ালে’ সিনেমার এই নায়িকা। ছুটির বেশ কয়েকটি ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। এর মধ্যে কয়েকটি ছবি নিয়ে আপত্তি উঠেছে।
জাম্বিয়ায় গলায় বকলস বাঁধা চিতা বাঘের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কৃতি। ক্যাপশনে লেখেন, “চিলিং লাইক এ ভিলেন।”
চিতার সঙ্গে ছবি তুলে নায়িকা মজা পেলেও অনেকেই বিষয়টিকে অমানবিক বলে চিহ্নিত করছেন।
কেউ কেউ বলছেন বনের পশুকে মাদক খাইয়ে পোষা কুকুরের মতো এভাবে ট্রিট করা অত্যন্ত অনুচিত। পর্যটক টানতে যারা এই কাজ করে, কৃতির মতো সেলিব্রিটিদের তাদের এভাবে প্রোমোট করা উচিত নয় বলেও মত প্রকাশ করেছেন অনেকেই।
অবশ্য সমালোচনা নিয়ে ভ্রুক্ষেপ নেই নায়িকার। নেতিবাচক মন্তব্যের কোনো উত্তর দেননি তিনি।
কৃতি স্যাননকে সর্বশেষ দেখা গেছে কার্তিক আরিয়ানের বিপরীতে ‘লুকাচুপি’তে। শিগগির দিলজিৎ দোসাঞ্জ ও বরুণ শর্মার সঙ্গে ‘অর্জুন পাটিয়ালা’ সিনেমায় দেখা যাবে। হাতে আছে আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘পানিপথ’। ঐতিহাসিক গল্পের এই ছবিতে আরও আছেন সঞ্জয় দত্ত ও অর্জুন কাপুর।