আনোয়ারায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বৈরাগ গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ মামুন (১৮) ও পটিয়া উপজেলার ছনহরা গ্রামের আবদুল গফুরের ছেলে হেলাল উদ্দিন (২৮)। তারা দুজনই সিএনজিচালিত অটোরিকশার চালক।

গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, চাতরী চৌমুহনী বাজারে পূর্ব পরিকল্পিতভাবেই তারা দাঁড়িয়ে ছিল। যে কোনো মেয়েকে একা পেলেই তুলে নিয়ে ধর্ষণের পরিকল্পনা ছিল তাদের। শনিবার দুপুরে উপজেলার চায়না রোডের শেষ প্রান্তে ঘটনাস্থলে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারা চায়না রোডের শেষ প্রান্তের একটি জমিতে ফেলে ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। সেদিন ওই কিশোরী অসুস্থ ছিলেন। তিনি কান্নাকাটি করেও তাদের কাছ থেকে রেহাই পাননি।

গত বুধবার রাতে কারখানার কাজ শেষে বাড়ি ফেরার পথে আনোয়ারায় ওই কিশোরী (১৮) দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ওই কিশোরী কোরিয়ান ইপিজেডের একটি জুতা তৈরির কারখানায় শ্রমিকের কাজ করেন। তার বাড়ি চন্দনাইশ উপজেলায়। তিনি প্রতিদিন বাড়ি থেকেই কারখানায় আসা-যাওয়া করেন। এ ঘটনায় মেয়ের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারা থানায় মামলা করেন।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, ধর্ষণের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মতে অন্যদের পরিচয় জানা গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।