বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি তাদের জন্য নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। লিডসের হেডিংলিতে ওই লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নামতে যাচ্ছে দিমুথ করুনারত্নের দল।
গোটা টুর্নামেন্টেই শ্রীলঙ্কাকে ভুগিয়েছে ব্যাটিং। প্রথম ম্যাচে তো নিউজিল্যান্ড ১৩৫ রানে অলআউট করে দেয় তাদের। পরে খানিকটা উন্নতি হলেও টপ অর্ডার এখনও যথেষ্ট নড়বড়ে।
সেমিফাইনালে খুব সম্ভবত ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাকে সেমি-ফাইনালের লড়াইয়ের প্রস্তুতি হিসেবেও দেখা যেতে পারে। যেহেতু এই ম্যাচের ফলাফলে তাদের সেমি-ফাইনাল খেলা আটকাবে না, তাই ভারত হেডিংলিতে নতুন খেলোয়াড়দের একটু বাজিয়ে দেখতে চাচ্ছে। রবীন্দ্র জাদেজা আর কুলদীপ যাদব একাদশে ডাক পেয়েছেন। বিশ্রাম দেওয়া হয়েছে যুজবেন্দ্র চাহাল ও মোহাম্মদ শামিকে।
ওয়ানডেতে ভারত আর শ্রীলঙ্কা ইংল্যান্ডে শেষবার মুখোমুখি খেলেছিল ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেবার সাত উইকেট হাতে নিয়ে অবলীলায় ভারতের ৩২১ তাড়া করে জিতে যায় শ্রীলঙ্কা। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ২০১৭ সালের পুনরাবৃত্তিই চাইবে দিমুথ করুণারত্নের দল।
নিয়মরক্ষার ম্যাচ হলেও এই ম্যাচটিকে নিজেদের সম্মান রক্ষার ম্যাচ হিসেবেই দেখছে শ্রীলঙ্কা। কেননা শেষটা ভাল করেই দেশে ফিরতে চায় দলটি। একই সাথে ম্যাচ জিতে পয়েন্ট বাড়িয়ে এবারের আসরের শীর্ষ দল হতে চাইবে কোহলিরা। তাই ছাড় দেবেনা কেউই।
ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাউল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পন্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র যাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটকিপার), আভিস্কা ফের্নান্দো, কুসল মেন্দিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, কাসুন রাজিথা ও থিসারা পেরেরা