বঙ্গোপসাগরে এক রাতে তিন ট্রলারডুবি: নিহত ২, নিখোঁজ ৩

বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পরে মাছ ধরার তিনটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে দুই জেলে নিহত হয়েছেন। 
এ ছাড়া নিখোঁজ রয়েছে তিন জেলে। 

শুক্রবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে পৃথকভাবে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের সেলিম মাঝির একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে গভীর বঙ্গোপসাগরে যায়। শুক্রবার দুপুরে হঠাৎ ঝড়ের কবলে ট্রলারটি ডুবে যায়। এতে মো.হাসান(১৭) ও মো.মিজান (২৫) নামে দুই জেলে নিহত হন।  

এদিকে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মিজান ফকিরের মায়ের দোয়া নামের ট্রলারটি গভীর রাতে বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৪ জেলে পানিতে ডুবে যান। পরে ভারতীয় একটি ট্রলারের সহায়তায় ১২ জনকে উদ্ধার করা হয়। ওই ট্রলারের দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন। 

অপরদিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোহরাব প্যাদার একটি ট্রলার ১৩ জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরে ডুবে যায়। এর মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদ জানান, তিনটি ট্রলার ডুবির তথ্য আমাদের কাছে এসেছে। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।