পশ্চিম আফ্রিকার ১৫টি দেশ আগামী বছর থেকে একক মুদ্রা ‘ইকো’ চালু করতে সম্মত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। একক মুদ্রা ব্যবস্থা চালুর এমন সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই দ্বিধান্বিত আফ্রিকার অর্থনীতিবিষয়ক বিশেষজ্ঞরা।
দ্য ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকার স্টেটস (ইসিওডব্লিউএএস), আঞ্চলিক রাজনৈতিক দল ও অর্থনৈতিক ইউনিয়নগুলো জানিয়েছেÑ পর্যায়ক্রমে দেশগুলোর সঙ্গে বৈঠকের ভিত্তিতে এই মুদ্রাব্যবস্থায় আনা হবে। কোন দেশ থেকে প্রথম এই মুদ্রা চালু করা হবে তা আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।
আফ্রিকার আটটি দেশ ইতিমধ্যেই সিএফএ ফ্রাঙ্ক ব্যবহার করে। বাকি সাতটি দেশ নিজস্ব মুদ্রা ব্যবহার করে এবং এদের একটিও স্বাধীনভাবে রূপান্তরযোগ্য নয়। বলা হচ্ছে, ইকো ইসিওডব্লিউএএসভুক্ত দেশগুলোর ৩৮৫ মিলিয়ন মানুষের মধ্যে বাণিজ্য সুবিধা, লেনদেনে কম ব্যয় ও সহজ মূল্য পরিশোধ ব্যবস্থা নিশ্চিত করবে। তবে সমালোচকরা বলছেন, এই অঞ্চলের বৃহৎ অর্থনীতির দেশ নাইজেরিয়া নতুন এই মুদ্রা ব্যবস্থার সুবিধা ভোগ ও নিয়ন্ত্রণ করবে।