সংবাদ সম্মেলনে ভাই কাদের

চিকিৎসকের সহায়তায় হাঁটতে পারছেন এরশাদ

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এখনো শঙ্কামুক্ত নন। তবে শারীরিক অবস্থার কিছু উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের। তিনি জানান, সম্মিলিত

সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এরশাদ চিকৎসকের সহায়তায় হাঁটতে পারছেন। তবে তিনি এখনো কৃত্রিমভাবে শ^াস-প্রশ^াস নিচ্ছেন। অবস্থার আরও কিছু উন্নতি হলে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে।

গতকাল দুপুরে দলের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরা হয়। এ সময় জি এম কাদের জানান, দুই দিন ধরে এরশাদকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তার শরীর থেকে অপ্রয়োজনীয় পানি বের করা ও ইনফেকশন নিয়ন্ত্রণ করা হচ্ছে। চিকিৎসকরা আশাবাদী, অত্যাধুনিক চিকিৎসায় হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ হয়ে উঠতে পারেন।

জি এম কাদের আরও জানান, সিএমএইচের চিকিৎসকরা এরশাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্ট সিঙ্গাপুরে পাঠিয়েছেন। কিন্তু সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা তাকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে নিরুৎসাহিত করেছেন।

সারা দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় গতকাল ধর্মপ্রাণ মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন এ জন্য জি এম কাদের ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় পার্টির নেতাকর্মীদের পক্ষ থেকে দেশবাসীকে কৃতজ্ঞতা জানান। এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবং বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এরশাদের স্ত্রী ও সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ গতকাল এরশাদের শয্যাপাশে পরিবারসহ কোরআন তেলাওয়াত ও দোয়া করেছেন। দুপুর ১টা থেকে প্রায় ১ ঘণ্টা তারা সিএমএইচে অবস্থান করেন। এ সময় রওশন এরশাদের সঙ্গে ছিলেন ছেলে রাহগীর আল মাহি এরশাদ, এরশাদের কন্যা মেহজাবিন এরশাদ ও পুত্রবধূ মাহিমা।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় পার্টির বনানী অফিসে এরশাদের রোগমুক্তি ও  সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।