প্রস্তুত মারাকানা। ঐতিহাসিক এই ভেন্যুতে এবারের কোপা আমেরিকার মহারণে নামবে ব্রাজিল ও পেরু। জয়ী দলের হাতে উঠবে দক্ষিণ আমেরিকার অঞ্চলের ফুটবলের ‘বিশ্বকাপ’ খ্যাত টুর্নামেন্টটির ৪৬তম আসরের শিরোপা।
রিও ডি জেনেরিওর মারাকানার স্টেডিয়ামে ৭৮ হাজার দর্শকের সামনে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দল দুটি। নবমবারের মতো কোপা চ্যাম্পিয়ন হতে মুখিয়ে স্বাগতিক ব্রাজিল। আর তৃতীয়বারের মতো এই শিরোপা জিততে মাঠে নামবে পেরু।
এবার কোপার শুরু থেকেই দুর্দান্ত খেলছে ব্রাজিল ও পেরু। তবে পেরুর নৈপুণ্য ছিল অবাক করা। ‘এ’ গ্রুপে রানার্স-আপ হয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে দলটি। কোয়ার্টার-ফাইনালে তারা টাইব্রেকারে হারিয়ে দেয় শক্তিশালী উরুগুয়েকে। সেমি-ফাইনালে গত দুই আসরের চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে ফাইনালে ওঠে পেরু।
আসরে পেরুর একমাত্র হারটি ফাইনালের প্রতিপক্ষ ব্রাজিলের কাছেই। সাও পাওলোয় অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচটিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ৫-০ গোলে উড়ে গিয়েছিল দলটি।
অন্যদিকে ঘরের মাঠে এবারের কোপায় অসাধারণ খেলছে ব্রাজিল। আসরে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি তিতের দল। ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে যায় দলটি। শেষ আটের লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে তাদের কঠিন পরীক্ষা দিতে হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে সেমি-ফাইনালে ওঠে দানি আলভেসরা। সেমি-ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল।
কোপার ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে পেরু লড়েছে মোট ১৮ বার; যেখানে জয়ের পাল্লা ভারি ব্রাজিলের। ১২ ম্যাচেই বাজিমাত করে সেলেসাওরা। কেবল তিনটি ম্যাচে জয় পায় পেরু; বাকি তিনটি ড্র হয়!
সব প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে ৪৫ বারের দেখায় পেরু জিতেছে মাত্র ৯ ম্যাচ; বিপরীতে ব্রাজিলের জয় ৩২টি। ড্র হয়েছে চারটি ম্যাচ।