পটুয়াখালীতে ৩২টি ভারতীয় মাছ ধরার ট্রলার জব্দ

কলাপাড়ার পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা ভারতীয় ৩২টি মাছ ধরার ট্রলার আটক করেছে। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে দিক হারিয়ে এসব ফিশিং বোট রামনাবাদ চ্যানেলে প্রবেশ করলে কোস্টগার্ড তাদের নিরাপদ হেফাজতে নিয়েছে।

এসব ট্রলারের প্রত্যেকটিতে ১৫-১৮ জন জেলে রয়েছে। পশ্চিমবঙ্গ এলাকার এ ট্রলারগুলো সাগরে মাছ শিকাররত অবস্থায় ঝড়ের কবলে দিক হারিয়ে ফেলে। 

কোস্টগার্ড পায়রা বন্দর কন্টিজেন্ট কমান্ডার মো. রেজাউল করিম জানান, রোববার দুপুরে এ ট্রলারগুলো তাদের হেফাজতে নিয়েছেন। বর্তমানে পায়রা বন্দর কোস্টগার্ড ঘাটে এ ট্রলারগুলো বেঁধে রাখা হয়েছে। তবে ট্রলারগুলোতে কোনো অবৈধ জিনিসপত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছে কোস্টগার্ড।