গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। মালেক আফসারী পরিচালিত এই ছবিটির বিরুদ্ধে শুরু থেকেই নকলের অভিযোগ উঠে। ছবিটি দেখার পর দর্শকেরা কোরিয়ান ছবি ‘টার্গেট’-এর সঙ্গে ছবিটির মিল খুঁজে পান। শুধু তাই নয়, টার্গেট গল্পের হুবহু কপি বলেও উল্লেখ করেন দর্শকেরা।
এদিকে ছবিটিতে নকলের অভিযোগ এনে চলচ্চিত্রকর্মী আনন্দ কুটুম ১৭ জুন সেন্সর বোর্ডে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। আনন্দ কুটুমের অভিযোগের প্রেক্ষিতে আবারও ছবিটি দেখে সেন্সর বোর্ড।
সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, ৪ জুলাই কোরিয়ান ছবিটি দেখেন সেন্সর বোর্ড সদস্যরা। দুটি ছবি দেখার পর সেন্সর বোর্ড সদস্যরাও পাসওয়ার্ডের সঙ্গে টার্গেটের মিল খুঁজে পান। তবে চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি ও প্রযোজকের আর্থিক ক্ষতি বিবেচনা করে নমনীয় ভূমিকা পালন করে সেন্সর বোর্ড।
ফলে ‘পাসওয়ার্ড’ ছবির বিরুদ্ধে কঠিন কোনো উদ্যোগ না নিয়ে তাদেরকে সতর্ক করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেন্সর বোর্ড। এ বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামূল কবীর বলেন, ‘আমরা দুটি ছবিই দেখেছি। কোরিয়ান ছবিটির সঙ্গে কিছু জায়গায় ‘পাসওয়ার্ড’ ছবির মিল পেয়েছি মানে নকলের প্রমাণ পেয়েছি। কিন্তু বর্তমান বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা বিবেচনা করে কঠিন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থেকেছি। কারণ কঠিন কোনো সিদ্ধান্ত নিলে প্রযোজকেরা ছবি নির্মাণে নিরুৎসাহী হবে।’
এদিকে ছবির প্রযোজক ও পরিচালককে সতর্ক করে চিঠি পাঠিয়েছেন বলে জানালেন বোর্ডের ভাইস চেয়ারম্যান। যদিও পরিচালক মালেক আফসারী বলেছেন তিনি কোনো চিঠি এখনো পাননি।