রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে সব বাস ৬টি রঙে ও ৬টি কোম্পানির অধীনে আনার প্রক্রিয়া শিগগিরই শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে মোহাম্মদপুরের ঘাটারচর থেকে কাঁচপুর রুটের সব বাস একটি কোম্পানির অধীনে এনে একই রঙে রাঙানোর কাজ শিগগিরই শুরুর কথা জানিয়েছেন বাস রুট রেশনালাইজেশনসংক্রান্ত কমিটির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
রাজধানীর বাসের রুট বিন্যাসে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধানদের সমন্বয়ে গঠিত এই কমিটির দশম বৈঠক ছিল গতকাল রবিবার। গুলিস্তানের নগর ভবনে বৈঠক শেষে কমিটির আহ্বায়ক সাঈদ খোকন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে মেয়র বলেন, চলতি মাসেই পুরান ঢাকায় চক্রাকার বাস সার্ভিস চালু হবে। এই বাস বাবুবাজার থেকে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, ডেমরা স্টাফ কোয়ার্টার, মেরাদিয়া, রামপুরা, মালিবাগ হয়ে মগবাজার পর্যন্ত আসবে। এ ছাড়া এ মাসেই মোহাম্মদপুর থেকে মতিঝিল রুটের সব বাস টিকিটের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর সব রুটের বাস টিকিটের আওতায় আসবে বলে জানান তিনি।
চলতি মাসেই মোহাম্মদপুর থেকে মতিঝিল রুটের সব বাস টিকিটের আওতায় আসবে জানিয়ে তিনি বলেন, চুক্তিভিত্তিক বাস চলাচল পুরোপুরি বন্ধ করা হবে। সবাই স্টপেজ থেকে টিকিট কেটে বাসে উঠবে। যত্রতত্র যাত্রী ওঠানো বা নামানো যাবে না। এর বাস্তবায়ন ও তদারকি করবে মালিকপক্ষ। সিটি করপোরেশন ও ডিএমপি সহযোগিতা করবে।