সেমিতে বৃষ্টি হলে কী হবে ফাইনালের সমীকরণ?

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে আবহাওয়ার পূর্বাভাসে। মঙ্গলবার ম্যানচেস্টারে যদি সেটি হয় তবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের সমীকরণ কী হবে?

গ্রুপ পর্বেও বৃষ্টির কারণে বল গড়ানোর আগেই বাতিল হয় এই দুই দলের ম্যাচ। তাই চলতি টুর্নামেন্টে এখনও একে অপরের শক্তি পরীক্ষার সুযোগ পায়নি তারা।

সেমিফাইনাল ও ফাইনালের জন্য একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ মঙ্গলবার ম্যাচ বাতিল হলে বুধবার ফের খেলা হবে। আবার ১১ জুলাই দ্বিতীয় সেমিফাইনাল বাতিল হলে হবে ১২ তারিখ। ফাইনালের রিজার্ভ ডে ১৫ জুলাই।

এবার প্রশ্ন হল ৯ ও ১০ জুলাই সেমিফাইনালের দুদিনই যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে কী হবে? এমন পরিস্থিতিতে ফাইনালে পৌঁছে যাবে কোহলিরা। কারণ গ্রুপ পর্বে তালিকায় নিউজিল্যান্ডের উপরে ছিল ভারত।

ব্রিটিশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ম্যানচেস্টারের আকাশ মেঘলা থাকবে। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ, অর্থাৎ ম্যাচ শুরুর ঠিক আধ ঘণ্টা আগে বৃষ্টি হওয়ার ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দেরি করে শুরু হতে পারে খেলা। বেলা একটার পর আকাশ পরিষ্কার হতে পারে।