আবারও সুপারহিরো সিনেমা দিয়ে বিজয়ীর ভূমিকায় সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিও। ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ প্রত্যাশার চেয়েও বেশি আয় করেছে ছয় দিনে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৮ কোটি ডলারের বেশি।
মূলত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে সামনে রেখে ছবিটি ২ জুলাই মুক্তি পায়। তাই সপ্তাহান্তের আগে পেয়ে যায় বাড়তি সময়। এ কারণে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ছবির আয়ের তালিকায় রয়েছে এক নম্বরে।
রোববার পর্যন্ত সিনেমাটি উত্তর আমেরিকায় আয় করে সাড়ে ১৮ কোটি ডলারের বেশি, অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে তুলে নেয় সাড়ে ৩৯ কোটি ডলার। স্থানীয় আয়ের ক্ষেত্রে স্বাধীনতা দিবসের ছুটিতে এর আগের রেকর্ড ২০১১ সালে ‘ট্রান্সফরমারস: ডার্ক অব দ্য মুন’-এর। মুদ্রাস্ফীতি বাদ দিলে ছবিটির আয় ১০ কোটি ডলারের কাছাকাছি।
এর আগে গরমে মুক্তি পাওয়া একাধিক সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ততটা ভালো করেনি। কিন্তু ‘স্পাইডার-ম্যান’ প্রত্যাশার চেয়ে এগিয়ে আছে। অবশ্য রিবুট সিরিজের প্রথম কিস্তিটিও ভালো করেছিল। ২০১৭ সালের ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে আয় করে ১১.৭ কোটি ডলার।
মার্ভেল ও ডিজনির আগের ব্লকবাস্টার ছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। মাস তিনেক আগে মুক্তি পাওয়া ওই সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল স্পাইডার-ম্যান তথা পিটার পার্কার। তখনই ধারণা করা হয়েছিল টম হল্যান্ড অভিনীত সিনেমাটি ভালো ব্যবসা করবে। ছবির কাহিনিতে দেখা যায়- আয়রন ম্যান ও অন্যান্য সুপারহিরো ছাড়া কেমন চলছে পৃথিবী। স্পাইডার-ম্যানকে এই কিস্তিতে নির্দেশনা দিতে দেখা যায় নিক ফিউরি চরিত্রের স্যামুয়েল জ্যাকসনকে। আর এর মধ্য দিয়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের তৃতীয় পর্যায়ের সমাপ্তি ঘটলো।
এদিকে চতুর্থ সপ্তাহে এসেও বক্স অফিসে ভালো করছে ডিজনির আরেক ছবি ‘আলাদিন’। লাইভ-অ্যাকশন ঘরানার সিনেমাটি ইতিমধ্যে ৯০ কোটি ডলারের ঘরে পেরিয়েছে।