শরীয়তপুরের সখিপুর সরদারকান্দি গ্রামে এক গৃহবধূ তার শ^শুরের ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার শ^শুর গিয়াস উদ্দিন ঢালীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত রবিবার রাতে পুত্রবধূ বাদী হয়ে সখিপুর থানায় মামলা করেন।
ওই পুত্রবধূ জানান, ২০১৭ সালে গিয়াস উদ্দিন ঢালীর ছেলের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর কাজের উদ্দেশ্যে তার স্বামী ঢাকা চলে যান। গত ২৮ মে তার শ্বশুর গিয়াস
উদ্দিন ঢালী মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। এরপর ২৮ মে রাত থেকে শুরু করে ৬ জুলাই পর্যন্ত ধর্ষণের শিকার হন তিনি।
সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, পুত্রবধূর মামলার পর শ্বশুর গিয়াস উদ্দিন ঢালীকে গ্রেপ্তার করা হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালে ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। ধর্ষক গিয়াস উদ্দিন ঢালীকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে গোসাইরহাট উপজেলায় এক পোশাককর্মীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে । গত শনিবার সন্ধ্যায় উপজেলার নলমুড়ি ইউনিয়নের পানিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
রবিবার সন্ধ্যায় মামলার আসামি আজিজুল বেপারীকে (২৪) আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ। আজিজুল স্থানীয় একটি ইটভাটার শ্রমিক।
পুলিশ ও ভুক্তভোগী জানায়, ওই তরুণী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। গত শুক্রবার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তিনি। শনিবার সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গেলে আজিজুল বেপারী ও তার সহকারী মাসুম বেপারী (২৭) মিলে ওই তরুণীকে স্থানীয় একটি বাগানে নিয়ে যায়। সেখানে মাসুমের সহযোগিতায় জোরপূর্বক তাকে ধর্ষণ করে আজিজুল। পরে রবিবার সকালে ওই তরুণীর বাবা বাদী হয়ে আজিজুল ও মাসুমের বিরুদ্ধে থানায় মামলা করেন। সন্ধ্যায় আজিজুলকে আটক করে পুলিশ।
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, প্রতিবেশীর বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গেলে ধর্ষণের শিকার হন ওই মেয়েটি। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা করেছেন। মামলার আসামি আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৫ বছরের শিশু যৌন হয়রানির শিকার : নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫ বছরের শিশু যৌন হয়রানির শিকার হয়েছে। এ ঘটনায় আরফান আলী (৪৫) নামে এক মাছ বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত রবিবার বিকেলে ফতুল্লার কুতুবপুর নূরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় মাছ বিক্রেতা আরফান শিশুটিকে যৌন হয়রানি করে। এ ঘটনা দেখে ফেললে স্থানীয়রা আরফানকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।