এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৭ জুলাই প্রকাশ করা হবে। গতকাল সোমবার আন্তঃশিক্ষা বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।
আন্তঃশিক্ষা বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক দেশ রূপান্তরকে বলেন, ‘১৭ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেওয়া হবে। পরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে। দুপুর ১টার পর শিক্ষার্থীরা ফল জানতে পারবে।’
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।