বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা মোটেও আশানুরূপ ছিল না। পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ চারটি ম্যাচে পর পর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশকে হারিয়ে সেমি-ফাইনালের দৌড়ে ঢুকে পড়েছিল পাকিস্তান। কিন্তু লক্ষ্য পূরণ হয়নি। রানরেটে নিউজিল্যান্ড থেকে পিছিয়ে পড়ে শেষ চারের টিকিট হাতছাড়া হয় সরফরাজদের।
পাকিস্তানের বিদায়ের পিছনে ভারতের ভূমিকা নিয়ে সোচ্চার পাক সমর্থকরা। ইংল্যান্ডের কাছে কোহলিরা না হারলে পাকিস্তান ১১ পয়েন্ট নিয়ে নিরাপদে সেমিফাইনালের বৃত্তে ঢুকে পড়ত। তখন ১০ পয়েন্টে আটকে ইংল্যান্ড ছিটকে যেত শেষ চারের লড়াই থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু পাক সমর্থকরাই নন, বরং পাকিস্তানের বেশ কিছু সাবেক ক্রিকেটারও ভারতকে দোষারোপ করতে ছাড়েননি। তাদের ধারণা, পাকিস্তানকে ছিটকে দিতেই ইংল্যান্ডের কাছে ইচ্ছা করেই হেরেছে ভারত।
স্বাভাবিকভাবেই বিশ্বকাপ থেকে দেশে ফিরতে এই প্রসঙ্গে পাক অধিনায়ক সরফরাজ আহমেদের মতামত জানতে চাওয়া হয়। পাক ক্রিকেট বোর্ড আয়োজিত সাংবাদিক সম্মেলনে সরফরাজের কাছে জানতে চাওয়া হয়, ভারতের জন্য তারা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন কি-না? উত্তরে সরফরাজ স্পষ্ট উড়িয়ে দেন এমন সম্ভাবনা।
“না, না। এটা ঠিক নয় (ভারতের জন্য বিদায়)। এমনটা বলা একেবারেই উচিত নয়। আমার মনে হয় না ভারত আমাদের জন্য হেরেছে। ইংল্যান্ড ভালো খেলেছে, তাই জিতেছে।”
ভারত-ইংল্যান্ড হাইভোল্টেজ ম্যাচের পরিস্থিতি সম্পর্কে ভালোমতোই ওয়াকিবহাল সরফরাজ। বড় রান তাড়া করতে নেমে পরের দিকে ব্যাট করা কতটা কঠিন, সেটা বোঝেন বলেই ভারতকে অযথা দোষারোপ করতে নারাজ পাক অধিনায়ক।