স্টিভ রোডসের পর পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গেও সম্পর্ক চুকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী মঙ্গলবার সংবাদমাধ্যমকে ওয়ালশের বিদায়ের খবর নিশ্চিত করেছেন।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ইতিমধ্যে দু-একজনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সেটা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন সমঝোতার মাধ্যমে আমাদের প্রধান কোচের (স্টিভ রোডস) সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় আমরা সেটা আর চালিয়ে নিচ্ছি না। এর বাইরে দু-একজন কোচ, কোর্টনি ওয়ালশদের সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। আমরা সেটাও আর করছি না। ফিজিও যে ছিল তার সঙ্গেও আমরা আর চুক্তি বাড়াচ্ছি না।’’ টাইগারদের ভিজিও হিসেবে দায়িত্ব পালন করছিলেন থিহান চন্দ্রমোহন।
বিশ্বকাপ চলাকালেই গুঞ্জন ছিল প্রধান কোচ স্টিভ রোডস চাকরি হারাচ্ছেন। সোমবার সেই গুঞ্জন সত্যি করে বিসিবি জানায় দুই পক্ষের সমঝোতাতেই রোডসকে বিদায় জানাচ্ছে তারা।
ওয়ালসের চুক্তি যে বাড়ছে না এ ব্যাপারেও বেশ ক’দিন ধরেই গুঞ্জন ছিল সংবাদমাধ্যমে। সত্যি হলো সেটিও। ২০১৬ সালে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ওয়ালশ।
এদিকে স্পিন বোলিং কোপ সুনীল যোশি, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুকের চুক্তি নিয়েও ভাবছে বিসিবি।