মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য প্রচারে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) কুয়ালালামপুরে আগামীকাল বৃহস্পতিবার ‘চতুর্থ শোকেস বাংলাদেশ-গো গ্লোবাল’ আয়োজন করছে।
কুয়ালালামপুরের রয়েল চুলান হোটেলে আয়োজিত এই পণ্যমেলায় প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এবং মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমআইটিআই) ডেপুটি মিনিস্টার ওয়াইবি ড. ওং কিয়ান মিং উপস্থিত থাকবেন। বক্তব্য দেবেন বিএমসিসিআই সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, শোকেসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান এম আলমগীর জলিল। মালয়েশিয়া সাউথ-সাউথ অ্যাসোসিয়েশন, মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কোঅপারেশন ও বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির সহযোগিতায় বিএমসিসিআই কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যৌথভাবে এর আয়োজন করছে।