‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

রাজধানীর উত্তরখান থানার শহীদনগর এলাকায় গতকাল মঙ্গলবার ভোররাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম আনোয়ার হোসেন (৪০)।

র‌্যাব-১-এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, উত্তরখানের শহীদনগর এলাকায় মাদক ও মাদকের টাকা ভাগবাটোয়ারা হচ্ছে মঙ্গলবার ভোররাতে এ রকম সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় র‌্যাবের টহল দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও ‘আত্মরক্ষার্থে’ পাল্টা গুলি চালায়। এ সময় জিকরুল নামে র‌্যাবের একজন কনস্টেবল আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে ৩ হাজার পিস ইয়াবা, একটি শর্টগান, ৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।