গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত ‘গ্লোবাল সামিট অব উইমেন’-এ আনুষ্ঠানিকভাবে ড. ইউনূসের হাতে এ পদক তুলে দেওয়া হয়।

ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণে যুগান্তকারী অবদানের জন্য ড. ইউনূসকে এই পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. ইউনূসের প্রবর্তিত ক্ষুদ্রঋণের মাধ্যমে পৃথিবীর লাখো দরিদ্র নারী নিজেদের উদ্যোক্তায় পরিণত করে অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মর্যাদা অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল উইমেন রিসার্চ অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউটের একটি প্রকল্প হলো গ্লোবাল সামিট অব উইমেন। এই প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দিয়ে থাকে। বিভিন্ন দেশে তৃণমূল থেকে করপোরেট নেতৃত্ব পর্যন্ত সকল পর্যায়ে গবেষণা ও শ্রেষ্ঠ কাজের তথ্য বিনিময়ের মাধ্যমে নারীদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি।

বাসেলে অনুষ্ঠিত সম্মেলনে ৬৫টি দেশ থেকে ১২০০ এর অধিক ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধি যোগ দেন জানিয়ে ইউনূস সেন্টার বলেছে, এ বছরের শীর্ষ সম্মেলনে অন্তর্ভুক্ত কর্মসূচিগুলোর মধ্যে ছিল নারীদের জন্য অর্থনৈতিক সুযোগ ত্বরান্বিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের অধীনে পরিচালিত বিভিন্ন সফল কর্মসূচির ওপর বিভিন্ন দেশের নারী মন্ত্রীদের নিয়ে একটি সম্মেলনপূর্ব গোলটেবিল বৈঠক। এছাড়া, অর্থনীতিকে প্রভাবিত করে এলাকাভিত্তিক ও বৈশ্বিক বৃহৎ প্রবণতাগুলো নিয়ে আলোচনার উদ্দেশ্যে প্লেনারি সেশন, নারী ও পুরুষ প্রধান নির্বাহীদের নিয়ে আলোচনা ফোরাম এবং বৈশ্বিক পর্যায়ে অর্থনৈতিকভাবে সফল নারী উদ্যোক্তাদের কৌশলগত দিকনির্দেশনা।

সম্মেলনের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এমসিএম হোল্ডিংস এজির চেয়ারপারসন সুং জু কিম, আইবিএম ইউরোপের চেয়ারম্যান মার্টিন জেটার, ক্রেডিট সুইসেরি এমডি ক্রিস্টিন স্মিড, ব্যাংক অব নিউজিল্যান্ডের পরিচালক মাই চেন, রেকিট বেনকাইজার প্রমুখ।