দিনাজপুরে ১০০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৮০ জন

দিনাজপুরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১০০ টাকায় ৮০ জন তরুণ-তরুণী পুলিশে চাকরি পেয়েছেন। সোমবার সন্ধ্যায় পুলিশ কনস্টেবল পদে তাদের নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

এদিন সন্ধ্যায় জেলা পুলিশ লাইনের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিং করে এসব তথ্য জানান দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।

পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, “কোনো অনিয়ম ছাড়াই ৮০ জন তরুণ-তরুণীকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ছেলে ৫৪ জন ও মেয়ে ২৬ জন।”

তিনি আরও বলেন, “১০০ টাকার ব্যাংক ড্রাফট ও তিন টাকার ফরম পুলিশের পক্ষ থেকে ফ্রি দেওয়া হয়েছে। তাছাড়া কোনো টাকা লাগেনি এ নিয়োগে। এক কথায় ১০০ টাকায় এ নিয়োগ সম্পূর্ণ করা হয়েছে।”

পুলিশ সুপার বলেন, এ বছর দিনাজপুরে পুলিশের নিয়োগের সময় একজন পরীক্ষার্থীর পক্ষে তার বড় ভাই পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

এছাড়া দিনাজপুরে পুলিশ নিয়োগের কার্যক্রম পরিচালনার সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য ও রংপুরের আরআরএফ’র এক সদস্যকে আটক করা হয়েছে। আটক দুই পুলিশ সদস্য পুলিশ নিয়োগ কার্যক্রমের ভেতরে প্রার্থীদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছিলেন।

আটকের পর রংপুরের ডিআইজির সঙ্গে যোগাযোগ করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই আমরা দিনাজপুর পুলিশের পক্ষ থেকে দৃঢ়তার সাথে বলতে পারি, ৮০ জন কনেস্টেবল নিয়োগ শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দুর্নীতিমুক্ত হয়েছে। আশা রাখি ভবিষ্যতেও পুলিশের সকল নিয়োগ এমন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে।’

ফলাফল ঘোষণার সময় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম ও পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার, দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি তদন্ত) বজলুর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।